ভুলের খাতা · যাত্রা
কয়েক বছর আগে অনেকেই বলেছিল, "হবে না।"
আর্থিক চাপ, ভুল সিদ্ধান্ত, নির্ঘুম রাত — সব ছিল। থামিনি। দেড় বছর পর পেছনে তাকিয়ে যা দেখি, সেটা শুধু সংখ্যা না।

কয়েক বছর আগে অনেকেই বলেছিল, "হবে না।"
গ্রামে ফিরে কৃষি নিয়ে কাজ করা, এগ্রো টুরিজমের মতো অচেনা একটা ধারণা নিয়ে এগোনো, মানুষকে সঙ্গে নিয়ে বড় কিছু ভাবা — এসব তখন অনেকের কাছেই অবাস্তব মনে হয়েছিল। আমরাও হয়তো মাঝে মাঝে নিজেদের সন্দেহ করেছি।
কিন্তু থামিনি।
এই পথ সহজ ছিল না। আর্থিক চাপ ছিল। ভুল সিদ্ধান্ত ছিল। নির্ঘুম রাত ছিল। এমন মুহূর্ত এসেছে যখন সামনে পথ দেখা যাচ্ছিল না। তবু একটা জিনিস আমাদের দুজনকে একসাথে ধরে রেখেছিল — বিশ্বাস। কৃষির ভবিষ্যতে বিশ্বাস। গ্রামের সম্ভাবনায় বিশ্বাস। এবং এই বিশ্বাস যে সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না।
আজ যখন পেছনে তাকাই, দেখি —
দেড় বছরে প্রায় ২ হাজার মানুষ সুখের খামারে এসেছেন। ৮৫৪ জন রাত কাটিয়েছেন। সাতজন বিদেশি অতিথি এসেছেন। সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ফুল বুক থাকে। মার্কেটিং ছাড়াই।
রহিমা বেগমের মেয়ে জুই এখন সুস্থ, অষ্টম শ্রেণিতে পড়ছে। সৈকত ঢাকার চাকরি ছেড়ে গ্রামে এসেছেন, বলছেন জীবনে এতটা ভালো আর কখনো ছিলেন না। তাজুল ইসলাম চাকরি ছেড়ে নিজের গ্রামে ফিরেছেন। মোহাম্মদ আলী কর্পোরেট ছেড়ে চলে এসেছে গ্রামে। গ্রামের নারীরা হাঁস-মুরগি পালন করছেন, নিজেরাই আয় করছেন। প্রতি মাসে গ্রামে টাকার ফ্লো বাড়ছে।
এগুলো শুধু সংখ্যা না। এগুলো বদলে যাওয়া জীবনের গল্প।
আমরা এখনো গন্তব্যে পৌঁছাইনি। সুখের খামার এগ্রো ভিলেজ এখনো নির্মাণ হচ্ছে — ফিজিক্যালি, মানসিকভাবে, কমিউনিটি হিসেবে। কিন্তু যে ভিত্তিটা তৈরি হয়েছে, সেটা শক্ত। এবং যারা এই যাত্রার অংশ হয়েছেন — বিনিয়োগকারী হিসেবে, অতিথি হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে — তারা শুধু একটা প্রজেক্টে বিশ্বাস করেননি। তারা বাংলাদেশের গ্রামের ভবিষ্যতে বিশ্বাস করেছেন।
সেই বিশ্বাসের ঋণ আমরা কাজ দিয়েই শোধ করতে চাই।
দুই স্বপ্নবাজ তরুণের গল্প এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ, সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো এখনো সামনে।