ভুলের খাতা

পঞ্চাশ হাজার টাকার সেই ষাঁড় এবং আবেগের মৃত্যু

প্রথমবার বুঝলাম—স্বপ্ন আর স্প্রেডশিট এক জিনিস নয়।

জোবায়ের ইসলাম২০১৬পড়তে ৪ মিনিটবই থেকে · শূন্য থেকে কৃষি উদ্যোক্তা, অধ্যায় ১

হাটের ভেতর দিয়ে হাঁটছি।

চারদিকে হাজার হাজার মানুষ। গরুর ডাক। ছাগলের চিৎকার। ধুলোবালি। গোবরের গন্ধ। পায়ের নিচে কাদা।

আর আমার বুকের ভেতর ধুকধুক শব্দ।

দিনটা ২০১৬ সালের। আমার পকেটে মাত্র ৫০ হাজার টাকা। আর মাথায় একটা বিশাল স্বপ্ন—আমি কৃষি উদ্যোক্তা হব।

আমি তখনো জানি না, সামনে কী অপেক্ষা করছে। জানি না, এই হাট থেকেই শুরু হবে আমার জীবনের সবচেয়ে দামি শিক্ষা। যে শিক্ষার জন্য আমাকে দিতে হবে ১০ লক্ষ টাকা 'টিউশন ফি'।

এক বেপারী আমার দিকে তাকাল। অভিজ্ঞ চোখ। সে বোধহয় এক নজরেই বুঝে ফেলল—এই ছেলে শহর থেকে এসেছে। গরু চেনে না।

সে একটা লাল ষাঁড় দেখিয়ে বলল, "ভাই, এই গরুটা নেন। সব খায়। ছয় মাস পালন করলে অনেক টাকা লাভ করবেন। এমন গরু হাতছাড়া করবেন না।"

তার কথাগুলো আমার কাছে বেদবাক্য মনে হলো।

কোনো মার্কেট যাচাই করলাম না। কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিলাম না। শুধু আবেগের বশে গরুটা কিনে ফেললাম।

গরুর গলায় দড়ি বেঁধে বাড়ি ফিরছি। মনে হচ্ছিল, আমি কোনো পশু কিনিনি। আমি আমার 'ভবিষ্যৎ' কিনে বাড়ি ফিরছি।

কিন্তু এই গল্পটা বলার আগে, আপনাদের একটু পেছনে নিয়ে যাই। বলি, ঢাকার এসি রুমে বসা একটা মানুষ কেন হঠাৎ গরুর হাটে এসে দাঁড়াল।

২০১৬ সাল। আমি তখন 'এক্সট্রা পিয়ার' নামে একটা পিআর (PR) এজেন্সি চালাই।

বেশ ইন্টেলেকচুয়াল ব্যবসা। ক্লায়েন্ট মিটিং। ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। ল্যাপটপের স্ক্রিনে দিন কেটে যায়। আয়-রোজগারও খারাপ না।

কিন্তু দিনের শেষে একটা অদ্ভুত শূন্যতা কাজ করত। বিছানায় শুয়ে ভাবতাম—আমি কি শুধু ভার্চুয়াল জগতেই কাজ করে যাব? নাকি এর থেকেও বড় কিছু করার ক্ষমতা আমার আছে?

এমন কিছু কি করা যায় না, যা চোখে দেখা যায়? হাতে ছোঁয়া যায়? যা মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত?

ভার্চুয়াল জগত আমাকে টাকা দিচ্ছিল। কিন্তু আমি খুঁজছিলাম অন্য কিছু। এমন কিছু, যা আমার অবর্তমানেও টিকে থাকবে। যাকে বলে 'লিগ্যাসি'। স্থায়ী সম্পদ।

সেই সময় আমি প্রচুর বই পড়া শুরু করলাম। রবার্ট টি. কিয়োসাকির 'রিচ ড্যাড পুওর ড্যাড'। বেঞ্জামিন গ্রাহামের 'দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর'। আরও অনেক।

বইগুলো আমার চিন্তার জগত উল্টেপাল্টে দিল।

আমি বুঝলাম—ধনী হওয়া আর সম্পদশালী হওয়া এক জিনিস নয়। আমাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে, যার নিয়ন্ত্রণ থাকবে আমার হাতে। আর যার চাহিদা পৃথিবীতে কখনো কমবে না।

কিন্তু কোথায় বিনিয়োগ করব?

শেয়ার বাজারে? ব্যাংকের এফডিআরে? নাকি কোনো ফ্যাক্টরিতে?

রাতের পর রাত ভাবলাম। শেষে একটা উত্তর পেলাম। পৃথিবীতে নিরাপদ ও স্থায়ী বিনিয়োগের খাত মূলত তিনটি। তিনটিই প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষের কৃত্রিম নিয়ন্ত্রণের বাইরে।

আমার বিবেচনায় প্রকৃতির সেই তিন রত্ন হলো:

১. জমি (Land): পৃথিবীতে জমির পরিমাণ নির্দিষ্ট। আল্লাহ তায়ালা যতটুকু জমি দিয়েছেন, তা আর বাড়বে না। কিন্তু জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। মার্ক টোয়েন বলেছিলেন—"জমি কিনে রাখো, কারণ ওরা ওটা আর বানাচ্ছে না।" তাই জমির দাম বাড়তেই থাকে। এটি 'স্থির সম্পদ'।

২. সোনা (Gold): হাজার বছর ধরে সোনা মানুষের আস্থার প্রতীক। কাগজের টাকার মান কমে। সরকার বদলায়। কিন্তু সোনার দাম বাড়ে। এটি 'তরল সম্পদ' বা লিকুইড মানি।

৩. লাইভস্টক বা কৃষি (Livestock): মানুষ গাড়ি ছাড়া চলতে পারবে। স্মার্টফোন ছাড়া বাঁচতে পারবে। কিন্তু না খেয়ে এক সপ্তাহও বাঁচতে পারবে না। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। আর গবাদিপশু এমন এক সম্পদ, যা জীবন্ত। ব্যাংকে ১ টাকা রাখলে সেটা নিজে নিজে ২ টাকা হয় না। কিন্তু ১টি গাভী নিজে নিজেই ২টি হয়—বাচ্চা দেয়। এটি 'জৈবিক সম্পদ'।

এই তিন রত্নের দিকে তাকিয়েই আমি আমার স্বপ্নের ব্লু-প্রিন্ট খুঁজে পেলাম। বুঝলাম—কৃষিতে বিনিয়োগ করলে আমি একসাথে দুটো খাতের মালিক হচ্ছি। জমির মালিক (যার দাম বাড়ছে)। আর খামারের মালিক (যা খাদ্য উৎপাদন করছে)।

আর এই দুইয়ের সমন্বয়ে যা তৈরি হয়, তা সোনার চেয়েও দামি। একে আমি বলি 'গ্রিন গোল্ড'। সবুজ সোনা।

সিদ্ধান্ত নিলাম—আমি কৃষিতেই বিনিয়োগ করব।

সেই সিদ্ধান্তই আমাকে টেনে নিয়ে গেল গ্রামের হাটে। সেই লাল ষাঁড়ের সামনে।

কিন্তু তখনো আমি জানতাম না—বইয়ের পাতায় পড়া থিওরি আর মাঠের বাস্তবতার মধ্যে কতটা আকাশ-পাতাল তফাত!

লাল ষাঁড়টা নিয়ে বাড়ি ফিরলাম। বুকভরা স্বপ্ন।

কিন্তু রাতে ঠান্ডা মাথায় খাতা-কলম নিয়ে বসলাম। আর তখনই মোহভঙ্গ হলো।

হিসাব করে দেখলাম—এই একটা গরু ৬-৭ মাস খাইয়ে বড় করে বিক্রি করলে যা লাভ হবে, তা দিয়ে পরের বছর আরেকটা গরুও কেনা যাবে না।

মানে? আমার প্রবৃদ্ধি বা 'Growth' হবে কচ্ছপের গতিতে।

প্রথমবার বুঝলাম—স্বপ্ন আর স্প্রেডশিট এক জিনিস নয়।

ব্যবসা বড় করতে হলে পুঁজি লাগবে। আরও ৫০ হাজার টাকা ম্যানেজ করলাম। কিনলাম দ্বিতীয় গরু।

ভাবলাম, এবার খেলা হবে!

কিন্তু আমি ঢাকায় থাকি। গরু দেখবে কে? তাই গরুগুলো গ্রামের পরিচিত মানুষের কাছে 'বর্গা' দিলাম। শর্ত ছিল—লাভের দুই ভাগ তাদের, এক ভাগ আমার।

ফলাফল?

প্রথমজন ৩ মাসের মাথায় গরু বিক্রি করে দিল। সেই টাকায় শোধ করল তার নিজের এনজিও-র লোন।

দ্বিতীয়জন ৬ মাস পর বিক্রি করল। আমার হাতে দিল মাত্র ৫ হাজার টাকা।

এক লক্ষ টাকা। দুইটা গরু। ছয় মাসের অপেক্ষা। আর হাতে এল ৫ হাজার টাকা।

সেদিন প্রথম মনে হলো—আমি বোধহয় ভুল পথে হাঁটছি।