ভুলের খাতা

ছাগলের খামার ও 'অ্যানালাইসিস প্যারালাইসিস'

ছিল না শুধু একটা জিনিস—'অ্যাকশন'।

জোবায়ের ইসলাম২০১৮পড়তে ১ মিনিটবই থেকে · শূন্য থেকে কৃষি উদ্যোক্তা, অধ্যায় ১

দুই বছরে দুই ধাক্কা। এবার ভাবলাম—সমস্যা হয়তো প্রাণী নির্বাচনে।

গরু বড় প্রাণী। খরচ বেশি। জায়গা বেশি লাগে।

সমাধান? 'গরিবের গাভী'—ছাগল!

গণিতটা ছিল চমৎকার। ছাগলের খাদ্য খরচ কম। রোগবালাই কম। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুবার বাচ্চা দেয়। প্রতিবার ২-৩টি করে। মানে—চক্রবৃদ্ধি হারে লাভের সুযোগ।

এবার আর হুট করে নামলাম না। আগের ভুল থেকে শিখেছি। এবার রীতিমতো গবেষণা শুরু করলাম।

প্রাণিসম্পদ অফিস থেকে বই কিনলাম। ভেটেরিনারি অফিসারদের সাথে কথা বললাম। কুমিল্লা, টাঙ্গাইল, বগুড়া—দেশের বিভিন্ন সফল খামার সরেজমিনে ঘুরে দেখলাম।

আমি নিজেকে তৈরি করছিলাম একজন 'তাত্ত্বিক পণ্ডিত' হিসেবে।

আমার কাছে সব ছিল। জ্ঞান। বইপত্র। খামারিদের ফোন নাম্বার।

ছিল না শুধু একটা জিনিস—'অ্যাকশন'।

মূলধন আর সাপোর্টের জন্য দুইজনকে পার্টনার নিলাম। কল্যাণপুরে বাসস্ট্যান্ডের পাশে বাসাও নিলাম, যাতে যাতায়াত সহজ হয়।

কিন্তু সমস্যা হলো—আমার পার্টনাররা পুরোদস্তুর চাকরিজীবী। মিটিংয়ে সময় দিতে পারেন। মাঠে পারেন না।

দিনের পর দিন আমরা শুধু মিটিং করলাম। ছাগলের জাত নিয়ে গবেষণা করলাম। এক্সেল শিটে লাভের হিসাব কষলাম।

প্রতিটা মিটিং শেষে মনে হতো—এবার বুঝি সত্যিই শুরু হবে। কিন্তু পরের সপ্তাহেও সেই একই আলোচনা। একই এক্সেল শিট। একই স্বপ্ন।

টানা ৮ মাস পর একদিন আমি থমকে দাঁড়ালাম। আবিষ্কার করলাম এক নির্মম সত্য—

আমরা এখনো একটা ছাগলও কিনিনি!

অথচ এই আসা-যাওয়া, বাসা ভাড়া আর মিটিংয়ের পেছনে আমার নগদ প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়ে গেছে।

এক বছর সময় গেল। পকেট খালি হলো। কিন্তু খামারে একটা ছাগলের বাচ্চাও এল না।

এই ধাক্কাটা ছিল সবচেয়ে তেতো। কারণ এখানে কোনো ষাঁড় মরেনি। কোনো ফসল নষ্ট হয়নি। শুধু সময় আর টাকা বাষ্প হয়ে উড়ে গেছে—নিজের হাতে বানানো এক অলস চক্রে।