ভুলের খাতা

বর্গা চাষের তিক্ত অভিজ্ঞতা—পর্ব ২

উজ্জ্বল ভাই নিজের গরুর যত্ন যতটা নিয়েছেন, আমার গরুর ততটা নেননি।

জোবায়ের ইসলাম২০১৯পড়তে ১ মিনিটবই থেকে · শূন্য থেকে কৃষি উদ্যোক্তা, অধ্যায় ১

নিজে করতে গিয়ে ধরা খেলাম—২০১৬। অন্যের ওপর ছেড়ে ধরা খেলাম—২০১৭। প্ল্যানিং করতে গিয়ে ধরা খেলাম—২০১৮।

এবার ভাবলাম—আমি কেন চাকা নতুন করে আবিষ্কার করছি? যারা ইতিমধ্যে সফল, তাদের সাথেই তো কাজ করা যায়!

এই ভাবনা থেকে যোগাযোগ করলাম গ্রামের অভিজ্ঞ খামারি উজ্জ্বল ভাইয়ের সাথে।

তার অভিজ্ঞতা আছে। খামার আছে। কিন্তু পুঁজি নেই। আমার পুঁজি আছে—সীমিত হলেও। কিন্তু সময় নেই।

পারফেক্ট ম্যাচ!

চুক্তি হলো—আমি গরু কিনে দেব। তিনি লালনপালন করবেন। লাভের ৩ ভাগের ১ ভাগ আমার, ২ ভাগ তার।

১৭ মার্চ। ১ লাখ ১ হাজার টাকা দিয়ে দুটি দেশি ষাঁড় কিনলাম।

৭ মাস পর কোরবানির হাটে গরু বিক্রি হলো।

আমি ঢাকায় বসে ফোনে খবর পেলাম। উজ্জ্বল ভাই তার নিজের গরুগুলো ভালো লাভে বিক্রি করেছেন।

আর আমার দুটি গরু? সব খরচ বাদ দিয়ে লাভ মাত্র ২১ হাজার টাকা। চুক্তি অনুযায়ী আমার ভাগে এল ৭ হাজার টাকা।

ফোনটা রেখে আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম।

১ লাখ টাকা। ৭ মাস। লাভ ৭ হাজার।

এটা তো ব্যাংকের এফডিআর-এর চেয়েও খারাপ রিটার্ন!

কেন এমন হলো?

কারণ সহজ। উজ্জ্বল ভাই নিজের গরুর যত্ন যতটা নিয়েছেন, আমার গরুর ততটা নেননি। আর বিক্রির সময় আমি হাটে ছিলাম না। তাই দামাদামি করার সুযোগও ছিল না।