গ্রাম ও কমিউনিটি
বিদায়, বিজলি
খামারের সবাই তাকে ডাকত "৭৪ নম্বর"। আমি ডাকতাম "বিজলি"। আজ সে নেই — কিন্তু একজন মায়ের হাতে রেখে গেল প্রথম নিজের টাকা।

ঘণ্টাখানেক আগেও সে আমাদের উঠানে বসে ছিল।
খামারের সবাই তাকে "৭৪ নম্বর" বলে ডাকত। আর আমি ডাকতাম "বিজলি"। জানি না কেন, ওকে প্রথম দেখেই মনে হয়েছিল — এই গরুটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। শান্ত, মায়াবী, আবার হঠাৎ তাকালে মনে হতো যেন চোখের ভেতর একটা চমক আছে। তাই নাম দিয়েছিলাম "বিজলি"।
আজ আমাদের বাড়িতে আমার আপন বড় ভাই নিজের হাতে তাকে কোরবানি করলেন।
কোরবানির পর কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম। এই পশুগুলোর সাথে শুধু ব্যবসায়িক সম্পর্ক থাকে না, একটা মায়া তৈরি হয় — সেটা উপলব্ধি করতে সময় লাগল না। এই সম্পর্ক একজন ভাই অথবা একজন বন্ধুর চেয়ে কোনো অংশে কম না।
কিন্তু বিজলির গল্পটা শুধু একটা গরুর গল্প না।
এই গরুটি পালন করেছিলেন আমাদের গ্রামের একজন মা। সুখের খামার ফাউন্ডেশনের "সুখের হাসি" প্রজেক্টের আওতায় তিনি গরুটি লালন-পালন করেছিলেন। আমরা চেষ্টা করেছি তাকে সহযোগিতা করতে — গরু পালনের ট্রেনিং, খাবার, চিকিৎসা, পরামর্শ ও নিয়মিত সাপোর্ট দিয়ে।
এই একটি গরুর মধ্য দিয়েই তিনি ঘরে বসে কিছু আয় করতে পেরেছেন।
হয়তো সেই টাকায় সন্তানের স্কুলের বেতন গেছে। হয়তো বাজারের কিছু খরচ কমেছে। হয়তো কোনো অসুস্থতার সময় ওষুধ কেনা সহজ হয়েছে। হয়তো একজন মা প্রথমবারের মতো নিজের হাতে কিছু টাকা ধরে একটু স্বস্তি অনুভব করেছেন।
আমরা বিশ্বাস করি, একজন মায়ের হাতে অর্থনৈতিক শক্তি পৌঁছে দেওয়া মানে পুরো একটি পরিবারকে একটু সামনে এগিয়ে দেওয়া। একটি কোরবানি শুধু মাংস ভাগাভাগি না, এটি একটি পরিবারের জীবনেও পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে।
আজ বিজলি নেই। কিন্তু সে রেখে গেল একটি পরিবারের মুখে একটু হাসি, কিছু স্বস্তি আর একটি স্বপ্ন — গ্রামের মায়েরা চাইলে তারাও স্বাবলম্বী হতে পারেন।
সুখের খামার ফাউন্ডেশন · প্রজেক্ট "সুখের হাসি"

